রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

লেবাননে ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা

জাতীয় ডেস্ক

মে ১২, ২০২৬, ০৭:২৩ পিএম

লেবাননে ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এই হামলায় সাতক্ষীরা জেলার দুই বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (১২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই বর্বরোচিত হামলার প্রতিবাদ জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এই হামলাকে ‍‍`জঘন্য‍‍` হিসেবে অভিহিত করা হয়েছে। এতে লেবাননে চলমান সহিংসতা ও বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় আন্তর্জাতিক মানবিক আইন কঠোরভাবে মেনে চলা এবং সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।নিহত দুই বাংলাদেশি হলেন— শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম নাহিদ। তারা সাতক্ষীরা জেলার বাসিন্দা ছিলেন।

বর্তমানে লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাস নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে। দূতাবাস এরই মধ্যে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শুরু করেছে। একই সাথে নিহতদের পরিবারের সদস্যদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সহিংসতা ও প্রাণহানির ঘটনায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আন্তর্জাতিক মানবিক আইন যেন লঙ্ঘন না হয়, সে বিষয়ে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে ঢাকা।এর আগে গত ৮ এপ্রিল বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় দিপালী বেগম নামে এক বাংলাদেশি নারী শ্রমিক নিহত হয়েছিলেন।