শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

রাজশাহীতে সব ধরনের বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৮, ২০২৬, ১১:৩৬ এএম

রাজশাহীতে সব ধরনের বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

রাজশাহীতে সব ধরনের বাস চলাচল বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। আজ সোমবার সকাল সাড়ে ৮টা থেকে মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটিকে কেন্দ্র করে শ্রমিকদের একটি অংশ এই ধর্মঘট শুরু করে। এর পর থেকে রাজশাহী থেকে দূরপাল্লা এবং আন্তঃজেলা রুটে কোনো বাস চলাচল করছে না।

পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ বাস বন্ধ হওয়ায় কাউন্টারে এসে বিপাকে পড়েছেন দূর-দূরান্তের যাত্রীরা।শ্রমিকেরা জানান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন গত রোববার রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন ২১ সদস্যের কমিটি ঘোষণা করে। 

এতে রফিকুল ইসলাম পাখিকে সভাপতি এবং মোমিনুল ইসলাম মোমিনকে সাধারণ সম্পাদক করা হয়। কিন্তু সাধারণ নির্বাচন ছাড়া এই পকেট কমিটি ঘোষণা করার অভিযোগ তুলে সোমবার সকাল থেকেই আন্দোলনে নামেন সাধারণ শ্রমিকদের একাংশ, যার ফলে রাজশাহীতে সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে যায়। 

তাদের দাবি, এই ঘোষিত অবৈধ কমিটি অবিলম্বে বাতিল করে তিন মাস মেয়াদি একটি নিরপেক্ষ আহ্বায়ক কমিটি গঠন করতে হবে। একই সাথে দ্রুততম সময়ের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রক্রিয়া শুরু করার দাবিও জানিয়েছেন তারা।এর আগে গত ২৩ এপ্রিল ইউনিয়ন অফিসের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে বড় সংঘর্ষ হয়েছিল। 

রাজশাহীর শিরোইল এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার পাশাপাশি টার্মিনালের আশেপাশের বেশ কয়েকটি দোকানও ভাঙচুর করা হয় তখন। পরিস্থিতি সামাল দিতেই ফেডারেশন সমঝোতার ভিত্তিতে এই নতুন কমিটি ঘোষণা করেছিল বলে জানা গেছে। নতুন কমিটির সভাপতি রফিকুল ইসলাম পাখি জানান, বাস চলাচল বন্ধের বিষয়টি তারা শুনেছেন এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।