অক্টোবর ২৪, ২০২৬, ১১:৫৬ পিএম
বগুড়ার মোকামতলার সৈয়দপুর ইউনিয়নে ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দুই হাজার অসহায় ও সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা এবং ছানি অপারেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার সৈয়দপুর ইউনিয়নের কড়িবাড়ি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই বৃহৎ স্বাস্থ্যসেবা কার্যক্রমের আয়োজন করা হয়।
এই জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পথে স্থানীয় সাধারণ মানুষের উষ্ণ অভ্যর্থনা ও ভালোবাসায় সিক্ত হন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি। এ সময় দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে তাকে অভিবাদন জানান।
গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় চোখের উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে এই মানবিক উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।
বিশেষ করে গ্রামাঞ্চলের অসচ্ছল মানুষ, যারা অর্থাভাবে চোখের ছানি অপারেশন ও নিয়মিত পরীক্ষা করাতে পারেন না, তাদের জন্য বিনামূল্যে এই সেবা নিশ্চিত করা হয়েছে। স্থানীয় পর্যায়ে এমন স্বাস্থ্যসেবা উদ্যোগ সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণে জনকল্যাণমূলক কাজের গুরুত্বকে নতুন করে তুলে ধরেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন