বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬,

চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৮, ২০২৬, ১১:০৪ এএম

চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের বেশ কিছু অংশ তলিয়ে যাওয়ায় এই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বিশেষ করে জানআলীহাট ও ষোলশহর স্টেশনের মধ্যবর্তী রেললাইন প্রায় দুই ফুট পানির নিচে তলিয়ে যাওয়ায় পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হচ্ছে না।বুধবার সকালে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটির যাত্রা বাতিল করা হয়েছে। ট্রেনটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে আর না গিয়ে পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। অন্যদিকে, ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে অপেক্ষমাণ রাখা হয়েছে। রেলওয়ে জানিয়েছে, ষোলশহর-জানআলীহাট সেকশনে জমে থাকা পানির উচ্চতা না কমা পর্যন্ত ট্রেনটি কক্সবাজারের দিকে পাঠানো ঝুঁকিপূর্ণ।

এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ভোগান্তিতে পড়া যাত্রীদের জন্য বিশেষ সুবিধার কথা ঘোষণা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। যারা কক্সবাজারগামী টিকিটের মূল্য ফেরত নিতে আগ্রহী, তারা চট্টগ্রাম স্টেশনের কাউন্টারে যোগাযোগ করে টাকা ফেরত নিতে পারবেন। এছাড়া ঢাকায় ফিরতে ইচ্ছুক যাত্রীদের জন্য বিকেল ৪টায় একই কক্সবাজার এক্সপ্রেসে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার সুযোগ রাখা হয়েছে।

আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে সৃষ্ট ভোগান্তির জন্য যাত্রীদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। পানি কমে রেলপথ নিরাপদ হওয়া মাত্রই ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানানো হয়েছে।