জুলাই ১৫, ২০২৬, ০৪:৫৮ পিএম
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মুষলধারে বৃষ্টি ও বজ্রপাতের মধ্যে কৃষিকাজ করতে গিয়ে পৃথক স্থানে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার দুটি এলাকায় বজ্রপাতে এই প্রাণহানির ঘটনা ঘটে।নিহতরা হলেন দেবীগঞ্জ উপজেলার সোনাহার মালচন্ডি পশ্চিম তেলিপাড়া এলাকার খাদিমুল ইসলামের ছেলে মো. মামুন ইসলাম (৩০) এবং দন্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকার কৃষক আকাব্বর খান (৬০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১১টার দিকে নিজ জমিতে পাট কাটার সময় বজ্রপাতে মামুন ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, একই সময়ে দন্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকায় কৃষিজমিতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই কৃষক আকাব্বর খানের মৃত্যু হয়।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দেবীগঞ্জ উপজেলার পৃথক দুটি স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক ইউডি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া ও সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন