জুলাই ২৩, ২০২৬, ১২:৫৪ পিএম
সামাজিক যোগাযোগমাধ্যমে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টির গুজব ছড়িয়ে পড়ার পর উত্তরের জেলা পঞ্চগড়ের বিভিন্ন পেট্রোল পাম্পে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। বুধবার সন্ধ্যার পর থেকে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে এই বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি হয়। ফলস্বরূপ, বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেও গভীর রাত পর্যন্ত বিভিন্ন পাম্পে লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করেন চালকরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে কঠোর গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।বৃহস্পতিবার সকালেও জেলার সদর, বোদা ও আটোয়ারী উপজেলার বিভিন্ন পাম্পে একই চিত্র অব্যাহত থাকতে দেখা যায়। পাম্পে আসা যানবাহনের প্রায় পঁচানব্বই শতাংশই ছিল মোটরসাইকেল। কার ও অন্যান্য যানবাহনের পাশাপাশি চালকরা কেউ পাঁচশ থেকে এক হাজার দুইশ টাকা আবার কেউবা ট্যাংকি পূর্ণ করে তেল নিয়ে বাসায় ফেরেন।
সেতারা ফিলিং স্টেশন, করতোয়া ফিলিং স্টেশন ও কাঞ্চনজঙ্ঘা ফিলিং স্টেশনের কিছু অংশে পেট্রোল ও অকটেনের মজুদ শেষ হয়ে গেলেও ডিজেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। তবে অতিরিক্ত তেল কেনার ফলে অন্যান্য পাম্পের মজুদও দ্রুত ফুরিয়ে আসার উপক্রম হয়েছে।
মর্তুজা আল মামুন ও আমিনুল ইসলামসহ বেশ কয়েকজন মোটরসাইকেল চালক জানান যে সামাজিক যোগাযোগমাধ্যমে তেলের সংকটের কথা শুনে ভবিষ্যতের অনিশ্চয়তা এড়াতেই তারা আগেভাগেই ট্যাংকি ভরে রাখছেন। তবে পাম্প কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টরা স্পষ্ট জানিয়েছেন যে বাজারে জ্বালানির সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং গুজবের কারণেই মূলত এই অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। পঞ্চগড় এসবি ফিলিং স্টেশনের ম্যানেজার নুরুল ইসলাম জানান যে সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত মজুদের ঘোষণা থাকার পরেও গুজবের জেরে গ্রাহকরা হুড়োহুড়ি শুরু করেছেন।
পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন থেকে প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে জেলায় পর্যাপ্ত জ্বালানি তেল মজুদ রয়েছে এবং সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রাখা হয়েছে। গুজব বা বিভ্রান্তিকর তথ্যের বশবর্তী হয়ে অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত তেল ক্রয় বা মজুত না করার জন্য সর্বসাধারণের প্রতি কড়া আহ্বান জানানো হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এস এম ইমাম রাজী টুলু হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে কেউ কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে বা গুজব ছড়ালের তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন