জুলাই ২৬, ২০২৬, ০৪:৩৬ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে গিয়ে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। আজ রোববার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার খাড়েরা ইউনিয়নের গোলাসার এলাকায় এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে।ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে আসায় বড় ধরনের প্রাণহানি থেকে বেঁচে যান যাত্রীরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস কসবা উপজেলার কুটি এলাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে গোলাসার এলাকা অতিক্রম করার সময় হঠাৎ বাসটির একটি চাকা পাংচার হয়ে যায়। চাকা ফেটে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি দ্রুত গতিতে গিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
এ সময় স্থানীয় জনগণ তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজে অংশ নিয়ে দুর্ঘটনাকবলিত বাস থেকে আহতদের বের করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠান।সংবাদ পেয়ে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তবে ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে যাওয়ায় তাঁকে ঘটনাস্থলে পাওয়া যায়নি বলে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন