মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬,

পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সভাপতি তারিককে গ্রেপ্তার করল পুলিশ

আবু সালেহ মোঃ রায়হান

আগস্ট ৭, ২০২৬, ০৮:২২ পিএম

পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সভাপতি তারিককে গ্রেপ্তার করল পুলিশ

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুর থেকে বাসযোগে ঢাকা যাওয়ার পথে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক স্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃত কাজী আল তারিক পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সভাপতি এবং সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে দিনাজপুরের বিরামপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।পঞ্চগড় জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে মামলার এজাহারভুক্ত পলাতক আসামি তারিক ঠাকুরগাঁও থেকে বাসে করে ঢাকার দিকে রওনা হয়েছেন। 

পরে গোয়েন্দা শাখার একটি দল বিরামপুর বাস টার্মিনাল এলাকায় মহাসড়ক পুলিশের সহযোগিতায় ঢাকাগামী একটি চলন্ত বাস থামায়। তল্লাশির পর রাত আনুমানিক দুইটার দিকে বাসটি থেকে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়।তার বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা এবং সন্ত্রাসবিরোধী আইনসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার বিকেলে তাকে পঞ্চগড়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। 

আদালতের এই আদেশের পর পুলিশ তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কারাগারে নিয়ে যায়।পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান এই নেতার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে যে মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।