সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ট্রেনের নিচে কাটা পড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৩, ২০২৬, ০৫:৪৫ পিএম

ট্রেনের নিচে কাটা পড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

চাঁদপুর থেকে চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর শহরের ছায়াবানী রেল ক্রসিং এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রেনটি ছায়াবানী রেল ক্রসিং পার হয়ে সামান্য পূর্ব পাশে পৌঁছালে ওই শিক্ষার্থী রেললাইন পার হওয়ার চেষ্টা করে। এ সময় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে একটি পরিচয়পত্র উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ। পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, নিহত শিক্ষার্থী স্থানীয় একটি ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার নবম শ্রেণিতে পড়ত।খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে খবর পেয়ে নিহতের অভিভাবকেরা থানায় আসেন।

এই বিষয়ে চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ঘটনাস্থল থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তার অভিভাবকেরা থানায় উপস্থিত হয়েছেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।