শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

তিস্তার ক্যানেলে ডুবে দুই শিশুর মৃত্যু

শহিদুল ইসলাম

আগস্ট ১৭, ২০২৬, ০৭:০৭ পিএম

তিস্তার ক্যানেলে ডুবে দুই শিশুর মৃত্যু

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

নীলফামারীর ডিমলায় তিস্তা নদীর প্রধান সেচ ক্যানেলের পানিতে ডুবে খালা ও ভাগ্নির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার নাউতারা ইউনিয়নের কাঁকরা তুহিন বাজার স্লুইস গেট এলাকায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

নিহত শিশুরা হলো নাউতারা ইউনিয়নের কাঁকরা এলাকার আবুল হোসেনের মেয়ে পাখি আক্তার (১২) এবং একই ইউনিয়নের নিজপাড়া এলাকার সেলিমুর রহমানের মেয়ে সিনহা আক্তার (৪)। সম্পর্কে তারা একে অপরের খালা ও ভাগ্নি। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে বারোটার দিকে ক্যানেলের পাশে শিশুরা খেলাধুলা করছিল। 

খেলার এক পর্যায়ে শিশু সিনহা দুর্ঘটনাবশত পানির স্রোতে পড়ে যায়। তাকে বাঁচাতে খালা পাখি আক্তার সাথে সাথেই পানিতে লাফ দিলে পানির গভীরতা ও স্রোতের কারণে দুজনই তলিয়ে যায়। পরে স্থানীয়রা শিশুদের উদ্ধার করলেও তারা ঘটনাস্থলেই প্রাণ হারায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাউতারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোর্শেদ মনি জানান, খবর পাওয়ার পরপরই এলাকাবাসী উদ্ধারকাজ শুরু করেন। কিন্তু দুর্ভাগ্যবশত হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু নিশ্চিত হয়েছে। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।