সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬,

পঞ্চগড় বিএনপিতে মন্ত্রীর সামনে তালা খোলা নিয়ে হট্টগোল

আবু সালেহ মোঃ রায়হান

সেপ্টেম্বর ১৩, ২০২৬, ০৬:৩৭ পিএম

পঞ্চগড় বিএনপিতে মন্ত্রীর সামনে তালা খোলা নিয়ে হট্টগোল

ছবি: দিনাজপুর টিভি

পঞ্চগড় জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেনের উপস্থিতিতে নেতাকর্মীদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও হট্টগোলের ঘটনা ঘটেছে। আজ রোববার বেলা ১১টায় দলীয় কার্যালয়ে আয়োজিত এই সভায় দুর্দিনে অফিসের তালা খোলা ও পদ বণ্টন সংক্রান্ত বক্তব্যকে কেন্দ্র করে এই বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মন্ত্রীসহ জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে প্রায় পাঁচ মিনিট পর পরিবেশ নিয়ন্ত্রণে আসে।

দলের ভেতরে পদ বণ্টন নিয়ে ক্ষোভ প্রকাশ পায়। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদের একটি বক্তব্যকে ঘিরে উত্তেজনার সূত্রপাত হয়। সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি দাবি করেন, দল বর্তমানে হাইব্রিড নেতায় ভরে গেছে এবং আগে দলকে এসব সুবিধাবাদী মুক্ত করতে হবে। 

জেলা পরিষদের দায়িত্ব বণ্টন প্রসঙ্গে তিনি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের তাগিদ দিয়ে বলেন, দলের চরম দুর্দিনে পার্টি অফিস যখন তালাবদ্ধ ছিল, তখন তিনি বোদা থেকে এসে তালা খুলেছিলেন। সে সময় সদর উপজেলার সাবেক সভাপতি আনোয়ার হোসেনের উপস্থিতির কথাও তিনি উল্লেখ করেন। এই বক্তব্য শেষ হতেই মিলনায়তনে উপস্থিত অন্য নেতাকর্মীরা উত্তেজিত হয়ে তর্কে জড়িয়ে পড়েন।

বিশৃঙ্খলা দেখা দিলে ডা. এজেডএম জাহিদ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু এবং যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ সবাইকে শান্ত থাকার নির্দেশ দেন। শীর্ষ নেতাদের মধ্যস্থতায় উত্তেজনা প্রশমিত হলে সভা পুনরায় শুরু হয়।

ঘটনার বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ জানান, তিনি একটি জরুরি অনুষ্ঠানে ব্যস্ত থাকায় পরে কথা বলবেন। অন্যদিকে জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু বড় ধরনের সংঘাতের বিষয়টি অস্বীকার করে জানান, জেলা পরিষদের প্রশাসক পদ পাওয়া নিয়ে কয়েকজন কর্মী বক্তব্য দেওয়ায় সামান্য বাদ-বিবাদ তৈরি হয়েছিল, তবে কোনো বড় গণ্ডগোল হয়নি।