তানভীর হাসান তানু
সেপ্টেম্বর ১৪, ২০২৬, ০৪:০০ পিএম
ছবি: দিনাজপুর টিভি
ঠাকুরগাঁওয়ে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে মো. রুবেল ইসলাম ওরফে রুবেল রানা নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। দীর্ঘ প্রায় সাত বছর বিচারিক কার্যক্রম শেষে সোমবার (১৪ সেপ্টেম্বর) ঠাকুরগাঁওয়ের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ আলী মনসুর এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে আসামিকে মোট এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিল। আদালতের নথিপত্র ও প্রেস বিজ্ঞপ্তির বরাতে জানা যায়, দণ্ডপ্রাপ্ত রুবেল রানা ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার খড়িবাড়ী গ্রামের মো. নান্দু ইসলামের ছেলে। ২০১৯ সালের ৭ নভেম্বর বিকেলে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী আত্মীয়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ঢোলারহাট বাজারের অটোরিকশা স্ট্যান্ডে পৌঁছায়। এ সময় অভিযুক্ত রুবেল বিয়ের মিথ্যা প্রলোভন দেখিয়ে কৌশলে তাকে অপহরণ করে নিয়ে যায় এবং একটি নির্জন স্থানে আটকে রেখে ইচ্ছার বিরুদ্ধে নির্যাতন চালায়। পরবর্তীতে স্থানীয়দের তোপের মুখে পরদিন ভুক্তভোগীকে ছেড়ে দিলে পরিবারের পক্ষ থেকে রুহিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত দুটি পৃথক ধারায় সাজা ঘোষণা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারায় অপহরণের দায়ে আসামিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং ৯(১) ধারায় ধর্ষণের অপরাধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। উভয় দণ্ড একসঙ্গে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়।
আদালতের রায়ে আরও উল্লেখ করা হয়, আসামির ওপর ধার্য করা পুরো অর্থদণ্ড ভুক্তভোগী শিক্ষার্থীর ক্ষতিপূরণ হিসেবে গণ্য হবে। এই ক্ষতিপূরণ নিশ্চিত করতে আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি প্রকাশ্যে নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ ট্রাইব্যুনালে জমা দেওয়ার জন্য ঠাকুরগাঁও জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। মামলায় রাষ্ট্রপক্ষে অংশ নেন বিশেষ কৌঁসুলি মো. বদিউজ্জামান চৌধুরী বাদল এবং আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী মো. আবু নাঈম।