সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬,
মা ইলিশ রক্ষা অভিযান

ইলিশ ধরা ও বিক্রিতে ২২ দিনের নিষেধাজ্ঞা

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৫, ২০২৬, ০৪:৪১ পিএম

ইলিশ ধরা ও বিক্রিতে ২২ দিনের নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ ডিম ছাড়ার পরিবেশ তৈরি করতে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সারাদেশের নদ-নদী ও সামুদ্রিক জলসীমায় এই বিধিনিষেধ কার্যকর থাকবে। এ সময় সারাদেশে ইলিশ পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময়ও সম্পূর্ণ বেআইনি থাকবে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির উচ্চপর্যায়ের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ সভায় সভাপতিত্ব করেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, টানা ২২ দিনের এই কর্মযজ্ঞ চলাকালে দেশজুড়ে সমন্বিত মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালিত হবে। একই সাথে কর্মহীন হয়ে পড়া প্রান্তিক জেলেদের জীবিকা সুরক্ষায় সরকারের পক্ষ থেকে ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্য সহায়তা নিশ্চিত করা হবে। মা ইলিশের নিরাপত্তা নিশ্চিতে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

সভাপতির বক্তব্যে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ স্পষ্ট করেন যে, ইলিশের টেকসই প্রজনন নিশ্চিত করতে এবার কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। চাঁদপুর, ভোলা ও বরিশালসহ উপকূলীয় হটস্পটগুলোতে জেলা প্রশাসন, নৌপুলিশ, কোস্টগার্ড, বিজিবি ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে সাঁড়াশি অভিযান চালাবে। মন্ত্রী নির্দেশ দেন, শুধু নদীতে টহল নয়, অবৈধভাবে ধরা মাছের বাজারজাত ঠেকাতে বরফকল, উপকূলীয় আড়ত ও পাইকারি বাজারেও কঠোর নজরদারি বসাতে হবে। বিশেষ করে চাঁদপুর মোহনা এবং প্রধান প্রজননক্ষেত্রগুলো থেকে যেকোনো মূল্যে নিষিদ্ধ কারেন্ট জাল অপসারণের নির্দেশ দেন তিনি।

সভায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু উৎপাদন হ্রাসের নেপথ্য কারণ বিজ্ঞানসম্মত গবেষণার মাধ্যমে উদঘাটনের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, উৎপাদন ঘাটতির কারণে ইলিশ আমদানি করার পরিস্থিতি তৈরি হওয়া অত্যন্ত উদ্বেগের বিষয়। দেশের এই ভৌগোলিক নির্দেশক (জিআই) জাতীয় সম্পদ টিকিয়ে রাখতে নিষিদ্ধ জাল তৈরি ও বিপণন পুরোপুরি বন্ধ করতে হবে। পাশাপাশি ঘোষিত সরকারি খাদ্য সহায়তা যেন মধ্যস্বত্বভোগীদের কবলে না পড়ে প্রকৃত নিবন্ধিত জেলেদের হাতে সঠিকভাবে পৌঁছায়, সে বিষয়ে স্থানীয় প্রশাসনকে কঠোর তদারকি করার নির্দেশ দেন তিনি।

টাস্কফোর্সের এই গুরুত্বপূর্ণ সভায় মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মো. মীর হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. লতিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়া সভায় মন্ত্রিপরিষদ বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়ের শীর্ষ প্রতিনিধি, সংশ্লিষ্ট জেলাগুলোর জেলা প্রশাসক, সশস্ত্র বাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং বাংলাদেশ জাতীয় মৎস্যজীবী সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নিয়ে অভিযানের রূপরেখা চূড়ান্ত করেন।