বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬,

ঈশ্বরদীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৭, ২০২৬, ০৩:২৫ পিএম

ঈশ্বরদীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল

ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে মহাসড়কে ভোরবেলা ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার ভোরের আলো ফোটার পরপরই উপজেলার দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের মিরকামারী এলাকায় সংগঠনটির ঈশ্বরদী উপজেলা শাখার ব্যানারে এই তৎপরতা চালানো হয় বলে ধারণা করা হচ্ছে। পরবর্তীতে কর্মসূচিটির দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় প্রশাসনের মধ্যে ব্যাপক তোলপাড় শুরু হয়।

ভিডিওটি ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময়ের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়। সামাজিক মাধ্যমে প্রকাশিত ওই ক্লিপে দেখা যায়, কয়েকজন ব্যক্তি দলবদ্ধ হয়ে দ্রুত পায়ে হেঁটে মহাসড়ক অতিক্রম করছেন এবং বিভিন্ন সরকারবিরোধী ও দলীয় স্লোগান দিচ্ছেন। এ সময় তাদের ‍‍`শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে‍‍` এবং ‍‍`চলছে লড়াই চলবে, বাংলাদেশ ছাত্রলীগ লড়বে‍‍` সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে দেখা যায়। প্রত্যুষে মহাসড়ক ফাঁকা থাকার সুযোগ নিয়ে এই ঝটিকা মিছিল সম্পন্ন করে মুহূর্তের মধ্যেই তারা এলাকা ত্যাগ করেন।

এদিকে বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশাদুর রহমান জানান যে সামাজিক মাধ্যমে প্রকাশিত ফুটেজটি ইতিমধ্যে পুলিশের নজরে এসেছে। তিনি স্পষ্ট করেন যে যেকোনো নিষিদ্ধ সংগঠনের আইনবিরোধী তৎপরতা কঠোর হাতে প্রতিহত করতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং সংশ্লিষ্ট ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার অভিযান অব্যাহত রয়েছে।