জুলাই ১৭, ২০২৬, ০৩:০৯ পিএম
ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার বালিয়া ইউনিয়নের বড়বালিয়া পাইকারমনি গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। মৃত্যুর পর সন্তানেরা ঠিকমতো দাফন করবে কি না, সেই অনিশ্চয়তা থেকে জীবিত থাকতেই নিজের কবর তৈরি করে রেখেছেন এক বৃদ্ধা মা। ওই বৃদ্ধার নাম আয়েশা খাতুন, তিনি স্থানীয় মৃত আয়নাল হকের স্ত্রী।তিনি গত পাঁচ বছর ধরে এই ভিটায় একা বসবাস করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামীর মৃত্যুর পর ছেলেরা মায়ের কাছ থেকে সব সম্পদ লিখে নেয়। এরপর থেকেই শুরু হয় অবহেলা ও চরম অনিশ্চয়তা। বড় ও ছোট ছেলের বাড়িতে কিছুদিন থাকার পর বনিবনা না হওয়ায় শেষ পর্যন্ত স্বামীর দেওয়া আড়াই শতাংশ জমিতে আশ্রয় নেন তিনি। সেখানে বিদ্যুৎহীন অন্ধকার ঘরে অনাহারে-অর্ধাহারে দিন কাটলেও সন্তানেরা কেউ খোঁজ নেয় না বলে কান্নাজড়িত কণ্ঠে জানান ওই বৃদ্ধা।
এলাকাবাসী জানায়, ছেলেদের আর্থিক অবস্থা ভালো হলেও তারা মায়ের দায়িত্ব নেয়নি। এ বিষয়ে ছেলেদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি, তবে পরিবারের অন্য সদস্যরা অভিযোগ অস্বীকার করেছেন। স্থানীয় বাসিন্দারা অসহায় এই মায়ের সুরক্ষায় দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন