মো: মামুনুর রাশিদ
নভেম্বর ১২, ২০২৫, ০৫:৫১ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের বেসরকারি উন্নয়ন সংস্থা “দীপশিখার বাস্তবায়নে এবং লিলিয়ান ফন্ডস এর অর্থায়নে একটি অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভার মূল উদ্দেশ্য ছিল, প্রতিবন্ধী যুবদের জীবিকায়ন দক্ষতা উন্নয়নে একীভূত ও প্রবেশগম্যতা নিশ্চিত করা।
সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর সার্বিক সহযোগিতায় এই সভাটি যুব উন্নয়ন অধিদপ্তর এর সাথে আয়োজন করা হয়।সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক খন্দকার মো. রওনাকুল ইসলাম।
তিনি জানান:যুব উন্নয়ন অধিদপ্তর ও উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের অধীনে প্রত্যেকটি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে ১৮ থেকে ৩৫ বছর বয়সী প্রতিবন্ধী যুবদের জন্য ৫% কোটা রয়েছে।
এই প্রশিক্ষণে তারা বিনা বেতনে অংশগ্রহণ করতে পারেন এবং তাদের জন্যে আবাসিক ও অনাবাসিক প্রশিক্ষণের সুযোগ রয়েছে।"তবে উপপরিচালক আরও জানান, সকল ধরনের এবং গুরুতর মাত্রার প্রতিবন্ধী মানুষদের জন্য দক্ষ জনবল ও প্রতিবন্ধী বান্ধব উপকরণের যথেষ্ট ঘাটতি রয়েছে।সভার মূল উদ্দেশ্য ছিল, যুব উন্নয়ন অধিদপ্তরের ভূমিকা আরও জোরদার ও কার্যকর করতে সচেতনতা বৃদ্ধি করা, যা প্রতিবন্ধী যুবদের প্রযুক্তিগত ও পেশাগত শিক্ষায় অংশগ্রহণ বাড়াবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।
উন্মুক্ত আলোচনায় প্রকল্প ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে প্রতিবন্ধী যুব ও তাদের পরিবারের সদস্যদের জীবিকায়ন দক্ষতা উন্নয়নের কাজ করার পরিকল্পনা গ্রহণ করা হয়।সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন প্রকল্প ফোকাল ধনঞ্জয় দেবনাথ এবং প্রকল্পের সার্বিক কার্যাবলী প্রেজেন্টেশন করেন প্রকল্প সমন্বয়কারী হিমাংশু দেব দত্ত রায়। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক অরুণ কুমার বিশ্বাস ও মামুন হাসান চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তাগণ।সকলে প্রত্যাশা করেন, ডিসেম্বর ২০২৫ এর মধ্যে প্রকল্প নির্ধারিত লক্ষ্যে পৌঁছাবে, যা প্রতিবন্ধী যুবদের আত্মবিশ্বাস, দক্ষতা ও কর্মজীবনে অংশগ্রহণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।