নভেম্বর ১৫, ২০২৫, ০১:৪৯ পিএম
দীপশিখা” দিনাজপুর এর আয়োজনে লিলিয়ান ফন্ডস ও সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)-এর সার্বিক সহযোগিতায় প্রতিবন্ধী যুবদের অর্থবহ অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশে চার দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
দুটি ব্যাচে দুইটি প্রতিবন্ধী যুব সংঘের জন্য এই প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়।প্রশিক্ষণটি 'কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি'র অধীনে পরিচালিত হয়েছে।
উক্ত প্রশিক্ষণে ১৯ জন ছেলে ও ১০ জন মেয়ে সহ সর্বমোট ২৯ জন প্রতিবন্ধী যুব অংশগ্রহণ করেন।প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারীদের প্রতিবন্ধী অধিকার ও সুরক্ষা আইন-২০১৩ এবং নারী, শিশু ও যুবদের অধিকার বিষয়ে স্পষ্ট ধারণা দেওয়া।
প্রশিক্ষণটি সঞ্চালন করেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো: মেহেদী হাসান, বিরল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এল.এম.মামুনুর রশীদ, কাহারোল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফসানা মোস্তারি এবং দীপশিখা’র প্রশিক্ষক মো: ফজলুল হক।প্রশিক্ষণটি উদ্বোধন করেন দীপশিখা’র প্রকল্প ফোকাল ধনঞ্জয় দেবনাথ এবং প্রকল্প সমন্বয়কারী হিমাংশু দেব দত্ত রায়।
প্রশিক্ষণে যুব সংঘের সদস্য অসীম রায় বলেন, "সমাজে প্রতিবন্ধী শিশু ও যুবরা সর্বত্র অবহেলিত। এই প্রকল্পের মাধ্যমে আমরা আমাদের অধিকার সম্বন্ধে সচেতন হতে পারছি এবং ভবিষ্যতে আমরা প্রতিবন্ধী মানুষদের উন্নয়নমূলক কাজে ভূমিকা রাখব, এই প্রত্যাশা করি।"আয়োজকরা মনে করেন, এই ধরনের প্রশিক্ষণ প্রতিবন্ধী যুবদের আত্মবিশ্বাস বাড়াতে এবং সমাজের মূল স্রোতে তাদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে সহায়ক হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন