শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬,

দিনাজপুরে ফুলকুঁড়ি আসরের মিলনমেলা অনুষ্ঠিত

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৬, ২০২৫, ০৭:৩০ পিএম

দিনাজপুরে ফুলকুঁড়ি আসরের মিলনমেলা অনুষ্ঠিত

ছবি-দিনাজপুর টিভি

মনোবল সাহস আর হাতে রেখে হাত, নতুন স্বদেশে আনি আলোর প্রভাত"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের রাজবাটী এলাকার ঐতিহাসিক ইকোপার্ক "সুখ সাগরে" অনুষ্ঠিত হলো জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর দিনাজপুর শহর শাখার প্রাণবন্ত গেট-টুগেদার অনুষ্ঠান।

আজ রোববার (১৬ নভেম্বর) শাখা পরিচালক মোঃ কামরুজ্জামান এর পরিচালনায় এই মিলনমেলায় সংগঠনের কুঁড়ি (শিশু সদস্য) ও অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর শাখার সভাপতি আলহাজ্ব ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী। তিনি তাঁর বক্তব্যে শিশুদের চরিত্রগঠন, স্বাস্থ্য সচেতনতা ও নিয়মশৃঙ্খলার প্রতি উদ্বুদ্ধ করেন।

তিনি বলেন, “নিজেকে পরিচ্ছন্ন ও সুস্থ রাখা একজন ভালো মানুষের প্রথম শর্ত।” এ সময় তিনি শিশুদের নিয়মিত নখ পরিষ্কার রাখা, গোসল করা, খাবারের আগে হাত ধোয়া এবং প্রতিদিন মনোযোগ দিয়ে লেখাপড়া করার পরামর্শ দেন। তাঁর প্রেরণাদায়ী বক্তব্যে উপস্থিত কুঁড়ি ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক সাড়া দেখা যায়।অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের সাংস্কৃতিক সম্পাদক মোঃ আবু হানিফ।

বিশেষ অতিথি হিসেবে অংশ নেন দিনাজপুর শাখার উপদেষ্টা জনাব মোঃ আফজাল হোসেন, প্রাক্তন পরিচালক শাহরিয়ার সরকার সোহেল, প্রাক্তন সহকারী পরিচালক নাজমুল হক মোল্লাহ এবং দোলনচাঁপা আসনের সভাপতি আরিফ সুজা।মিলনমেলা, আলোচনা, শিল্পীদের পরিবেশনা ও আনন্দ আয়োজনের সমন্বয়ে অংশগ্রহণকারীরা এক স্মরণীয় সময় কাটান। এ সময় সংগঠনের সংগীত ও অভিনয় শিল্পীসহ ৪৩ জন কুঁড়িকে মেডেল প্রদান করা হয়, যা তাদের আনন্দে বাড়তি মাত্রা যোগ করে।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন অফিস সম্পাদক মো. মুসাব্বির হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মো. আবু সালেহ, পত্রিকা সম্পাদক মো. রাকিব রনি, সি.এস.ডি সম্পাদক মো. তৌফিকুর রহমান, বিজ্ঞান চক্র পরিচালক অগ্রপথিক মো. রাইহানসহ অন্যান্য সদস্যবৃন্দ।