মো: মামুনুর রশিদ
নভেম্বর ২০, ২০২৫, ০৩:২৯ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরে বাংলাদেশ নারী ব্যবসায়ী ও উদ্যোক্তাদের নেটওয়ার্কিং, সহজ অর্থায়ন এবং বাংলাদেশ ট্রেড পোর্টালের ভূমিকা শীর্ষক এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বক্তারা সম্ভাবনাময়ী নারী উদ্যোক্তাদের পরিসর বৃদ্ধিতে সমাজের সমন্বিত উদ্যোগের ওপর জোর দিয়েছেন।
আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ কাঞ্চনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও অনুবিভাগের যুগ্ম সচিব খাদিজা নাজনিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও অনুবিভাগের যুগ্ম সচিব খাদিজা নাজনিন বলেন, "আমাদের সামগ্রিক অর্থনীতিতে নারীরা ধীরে ধীরে তাদের পরিসর বৃদ্ধি করছে। বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান তাদের সহজ শর্তে ঋণ প্রদান করছে। নারী উদ্যোক্তা তৈরিতে সমাজের সকল শ্রেণী-পেশার মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।" তিনি আশা প্রকাশ করেন, এটি সম্ভব হলে সম্ভাবনাময়ী নারী উদ্যোক্তাদের পরিসর আগামীর বাংলাদেশে আরও বৃদ্ধি পাবে। তিনি আরও জানান, আগামীতে নারী উদ্যোক্তাদের কি করে আরও সহজ উপায়ে আর্থিক সহায়তা দেওয়া যায়, সেজন্য বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে।
কর্মশালায় সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের রিজিওনাল কানেক্টিভিটি প্রকল্প-১ এর যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক শায়লা ইয়াসমিন।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. রিয়াজ উদ্দিন, দিনাজপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু বকর সিদ্দিক, দিনাজপুর উইমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি জান্নাতুস সাফা শাহিনুর এবং দিনাজপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আখতারুজ্জামান জুয়েল প্রমুখ।