সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

"আওয়ামী লীগ সরকার হিন্দু ভাইদের জন্য কিছু করেছে এমন কোনো রেকর্ড নাই"

মোঃ আব্দুর রাজ্জাক

নভেম্বর ২৫, ২০২৫, ০৮:৪১ পিএম

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল বলেছেন, আওয়ামী লীগ সরকার হিন্দু সম্প্রদায়ের ভাইদের জন্য দৃশ্যমান কিছু করেনি, এর কোনো রেকর্ড নেই। একই সঙ্গে তিনি জামায়াতে ইসলামীর রাজনৈতিক কর্মকাণ্ড এবং ধর্মীয় বক্তব্যের দ্বিমুখী ভূমিকার সমালোচনা করেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে সদর উপজেলার পাঁচকুড় উচ্চ বিদ্যালয় মাঠে ৮নং শংকরপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনসভাটি দিনাজপুর সদর-৩ আসনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত হয়।জেলা বিএনপির সভাপতি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই আসনে প্রার্থী হয়েছেন।

আগামী নির্বাচনে এই ইউনিয়ন থেকে সর্বোচ্চ ভোট দিয়ে যেন দেশনেত্রী খালেদা জিয়াকে নির্বাচিত করা যায়, সেই আহ্বান জানান তিনি।এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। বক্তব্যে কচি বলেন, "আমরা আওয়ামী লীগ সরকারের আমলে গত ১৫ বছর মন খুলে কথা বলতে পারি নাই। আজ আমরা ৫ আগস্টের পর মন খুলে কথা বলতে পারছি।" তিনি আবেগপূর্ণ কণ্ঠে বলেন, "নেত্রী মোদের খালেদা—গর্ব মোদের আলাদা। এই গর্ব শুধু দিনাজপুরের নয়, সারা বাংলাদেশের।

বখতিয়ার আহমেদ কচি বলেন, আজ আমরা বিএনপির জন্য ভোট চাইতে এসেছি, দেশনেত্রী খালেদা জিয়ার জন্য ভোট চাইতে এসেছি। তিনি মনে করেন, এমন এক প্রার্থীর জন্য ভোট চাওয়া হচ্ছে, যার জন্য নতুন করে কোনো পরিচয়ের প্রয়োজন নেই। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে প্রত্যেক কর্মীর এক একজনকে খালেদা জিয়ায় পরিণত হতে হবে।তিনি আগামীর বাংলাদেশকে সুরক্ষিত দেশ করার স্বার্থে এবং দিনাজপুরের সার্বিক উন্নয়নের জন্য দেশনেত্রী খালেদা জিয়াকে সর্বোচ্চ ভোটে জয়ী করার চেষ্টা করার আহ্বান জানান।

দিনাজপুর সদর উপজেলার ৮নং শংকরপুর ইউনিয়ন বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোতোয়ালি বিএনপি'র সভাপতি আলহাজ্ব মো. আবু বক্কর সিদ্দীক, কোতোয়ালি বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা, জেলা বিএনপি'র প্রচার সম্পাদক বাবু চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সাইফুল আজম সোহেল।

এছাড়াও কোতোয়ালি বিএনপির সহ-সভাপতি মোকাররম হোসেন গুরু, ৮নং শংকরপুর ইউনিয়ন বিএনপি ও ৯টি ওয়ার্ড বিএনপির নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।