সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুর টেকনোলজিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি

মো: মামুনুর রশিদ

ডিসেম্বর ১০, ২০২৫, ০১:৩৩ পিএম

দিনাজপুর টেকনোলজিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি

ছবি-দিনাজপুর টিভি

ডিপ্লোমাধারী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে বৈষম্যের অবসান চেয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে দিনাজপুর মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ।

কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী, আজ বুধবার (১০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত ৩ ঘণ্টা অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই কর্মসূচিতে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বাস্থ্যসেবায় চিকিৎসক ও নার্সদের পাশাপাশি রোগ নির্ণয়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ভূমিকা অপরিহার্য।

কিন্তু একই শিক্ষাগত যোগ্যতায় (যেমন ডিপ্লোমা প্রকৌশলী, নার্স, কৃষি কর্মকর্তা) অন্যরা ১০ম গ্রেড পেলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ১১তম গ্রেডে বঞ্চিত হচ্ছেন।বক্তারা বলেন, "আমরা আর সময়ক্ষেপণ মেনে নেব না।

সরকার যদি আমাদের ন্যায্য দাবি না মানে, তাহলে আগামীতে আমারা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।"এসময় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের সমন্বয়কারী তানভীর চৌধুরী, আতিকুর রহমান, ইউনুছ আলী, আলমগীর হোসেন প্রমুখ।