জিন্নাত হোসেন
ডিসেম্বর ১০, ২০২৫, ০৫:৫৬ পিএম
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সমষ্টিগতভাবে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। নারীর মানবাধিকার প্রতিষ্ঠায় নারীর চলার পথে থাকা সংকটগুলো মোকাবিলা করে এগিয়ে যেতে হবে। এ লক্ষ্যে সম্মিলিতভাবে নারী আন্দোলন গড়ে তুলতে হবে।
বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাবেশে বক্তারা এই আহ্বান জানান।
সংগঠনের জেলা কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সমাবেশের প্রতিপাদ্য ছিল— "সাইবার সহিংসতা নারী ও কন্যার প্রতি সকল প্রকার নির্যাতনকে না বলুন, নারী ও কন্যার অগ্রসরমানতা নিশ্চিত করুন"।
মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা কমিটির সম্মানীয় সদস্য কানিজ রহমান প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখতে গিয়ে বলেন, "বাধা দূর করতে নারী আন্দোলনকে সামাজিক শক্তি হিসেবে গড়ে তুলতে হবে।"
বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মনোয়ারা সানুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি মিনতি ঘোষ, রত্না মিত্র, গোলেনুর বেগম, সাংগঠনিক সম্পাদক রাজিয়া সুলতানা পলি, প্রচার সম্পাদক শুক্লা কুন্ডু, সদস্য শিবানী উড়াও, মিনতি এক্কা, কবিজান, তরুণী সদস্য লোপা, শতাব্দী, লতা প্রমুখ।
সমাবেশ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে আদিবাসী নৃত্য পরিবেশন করেন উড়াও পাড়া কমিটির সদস্য শিবানী উড়াও ও তার দল। এছাড়াও একক নৃত্য পরিবেশন করেন ঠনঠনিয়া পাড়া কমিটির তরুণী সদস্য জয়শ্রী রানী।