সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

উৎসবমুখর পরিবেশে খানসামা মডেল প্রেসক্লাবের নির্বাচন

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৩, ২০২৫, ০৯:০৯ পিএম

উৎসবমুখর পরিবেশে খানসামা মডেল প্রেসক্লাবের নির্বাচন

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের খানসামা উপজেলায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে পেশাদারিত্ব, ঐক্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের লক্ষ্যকে সামনে রেখে গঠিত খানসামা মডেল প্রেসক্লাবের প্রথম নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

গত ১২ ডিসেম্বর, শুক্রবার দুপুরে উপজেলা সদরের মসজিদ মার্কেটে অবস্থিত অস্থায়ী কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বিকেল থেকেই বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা স্বতঃস্ফূর্তভাবে ভোটগ্রহণে অংশ নেন,

যা অস্থায়ী কার্যালয় এলাকাকে এক প্রাণবন্ত মিলনমেলায় রূপ দেয়।নির্বাচন পরিচালনা কমিটি ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে এনটিভি অনলাইন ও দৈনিক কালবেলার প্রতিনিধি মাসুদ রানা সভাপতি এবং দৈনিক আমার দেশ ও সকালের বাণী পত্রিকার খানসামা প্রতিনিধি মো. জসিম উদ্দিন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।সাংবাদিক সমাজ নবগঠিত এই নেতৃত্বকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং সাংবাদিকতার মানোন্নয়ন ও ভবিষ্যৎ কার্যক্রমে তাদের প্রতি প্রত্যাশা ব্যক্ত করেছেন।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা জানান, প্রথমবারের মতো আয়োজিত এ নির্বাচন পুরোপুরি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। অনেকেই আশা প্রকাশ করেছেন যে, নতুন কমিটি সত্যনিষ্ঠ ও পেশাদার সাংবাদিকতা চর্চায় ইতিবাচক ভূমিকা রাখবে এবং সমাজের সমস্যাগুলো তুলে ধরতে সাংবাদিকদের আরও সংগঠিত করবে।