মো: মামুনুর রশিদ
ডিসেম্বর ১৮, ২০২৫, ০৫:৪৭ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমকর্মী ও নারী ক্লাবের সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পল্লীশ্রী’ এই সভার আয়োজন করে।
মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এই সভায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে গণমাধ্যমে প্রচার-প্রচারণা অব্যাহত রাখা এবং স্থানীয় কমিউনিটির সম্পৃক্ততা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
পল্লীশ্রীর নির্বাহী পরিচালক শামীম আরা বেগমের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল।
এছাড়াও বক্তব্য রাখেন মাইটিভির প্রতিনিধি মুকুল চট্টোপাধ্যায়, ডিবিসি টিভির মো. মোর্শেদুর রহমান, নাগরিক টিভির আবুল কাশেম, প্রেসক্লাবের দফতর সম্পাদক মো. খাদেমুল ইসলাম, চ্যানেল ২৪-এর বিপুল কুমার সানি, দৈনিক সময়ের আলোর স্টাফ রিপোর্টার আব্দুর রাজ্জাক এবং নারী ক্লাবের সভা প্রধান শিবানী মুর্মূ।সভায় সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের আরফিনা, ফাজিলপুর ইউনিয়নের হামিদা, শেখপুরা ইউনিয়নের রুনা লায়লা এবং টার্মিনাল এলাকার সাহানাজ এনি তাদের জীবনে ঘটে যাওয়া সহিংসতার অভিজ্ঞতা তুলে ধরেন।
বক্তারা বলেন, নারীর সুরক্ষা নিশ্চিত করতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং সমাজের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য।পল্লীশ্রীর জেন্ডার অ্যান্ড ট্রেনিং ম্যানেজার মোছা. শামসুন্নাহারের সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য দেন প্রকল্প ফোকাল পার্সন শামীমা পপি। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন প্রকল্প সমন্বয়কারী শামীম আরা হক নিপা ও ফিল্ড ভলান্টিয়ার এস এম মাজেদুর রহমান।