মো: মামুনুর রশিদ
ডিসেম্বর ১৮, ২০২৫, ০৭:১৬ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৫ পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), প্রবাসী কল্যাণ ব্যাংক এবং প্রবাসী কল্যাণ সেন্টারের যৌথ আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের কাঞ্চন–১ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেন, “প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি।
সরকার নিরাপদ ও দক্ষতাভিত্তিক অভিবাসন নিশ্চিত করতে নানা উদ্যোগ নিয়েছে। প্রবাসীদের সম্মান, অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম বলেন, অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিত ও প্রতারণা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সদা সতর্ক রয়েছে। দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান তরুণদের দক্ষতা অর্জনে উৎসাহিত করেন।দিনাজপুর টিটিসি’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ব্যাংক দিনাজপুর শাখার ম্যানেজার আনোয়ার কামাল।
অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীদের মধ্য থেকে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী চারজনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন— সাজ্জাদ হোসেন (ওমান), মো. সাইমুন ইসলাম (ব্রুনাই), ফারজানা আফরিন (নিউ ইয়র্ক) এবং দেলোয়ারা বেগম (আমেরিকা)।বিকেলে দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাঠে একটি দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়। টিটিসি’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ জানান, মেলায় উপস্থিত চাকরিপ্রত্যাশীদের মধ্য থেকে প্রায় ৪০ থেকে ৫০ জনের কর্মসংস্থান নিশ্চিত হয়েছে।