শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরে বিশ্বজিৎ দাসের উপস্থিতিতে গৌরীপুরে চা-প্রেমী উৎসব

মো: মামুনুর রশিদ

ডিসেম্বর ১৮, ২০২৫, ০৮:৫৮ পিএম

দিনাজপুরে বিশ্বজিৎ দাসের উপস্থিতিতে গৌরীপুরে চা-প্রেমী উৎসব

ছবি-দিনাজপুর টিভি

ময়মনসিংহের গৌরীপুরে চা বিক্রেতা হারুন মিয়ার ব্যতিক্রমী ও সমাজসচেতনতামূলক উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘বর্ষসেরা চা-প্রেমী’ সম্মাননা অনুষ্ঠান-২০২৫। বুধবার (১৭ ডিসেম্বর) ‘মাদক ছেড়ে চা ধরুন, মোবাইল আসক্তি কমিয়ে বই পড়ুন’—এই স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রথিতযশা কথাসাহিত্যিক বিশ্বজিৎ দাস।

গৌরীপুর শহরের প্রধান সড়কে একটি শোভাযাত্রার মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। এরপর স্বজন সমাবেশ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামাবাদ ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মো. এমদাদুল হক।

প্রধান অতিথির বক্তব্যে কথাসাহিত্যিক বিশ্বজিৎ দাস বলেন, "হারুন মিয়া গৌরীপুরের একজন আলোকিত মানুষ। একজন চা বিক্রেতা হয়েও তিনি সমাজসচেতনতার যে বার্তা ছড়িয়ে দিচ্ছেন তা অতুলনীয়। নিজ উদ্যোগে পাঠাগার গড়ে তুলে মানুষকে বই পড়ায় উদ্বুদ্ধ করছেন তিনি। হারুনের মতো তরুণরা থাকলে সমাজ থেকে আঁধার দূর হবেই।"আয়োজক হারুন মিয়া জানান, ২০১২ সালে চায়ের দোকান দিয়ে জীবিকা শুরু করলেও তার স্বপ্ন ছিল মানুষের জন্য কিছু করা। সেই লক্ষ্য থেকেই ২০১৭ সাল থেকে নিয়মিত গ্রাহকদের সম্মাননা প্রদান এবং ‘হারুন পাঠাগার’ প্রতিষ্ঠা করেছেন তিনি।

বর্তমানে তার পাঠাগারে দেড় হাজারের বেশি বই রয়েছে। মুক্তিযোদ্ধাদের জন্য অর্ধেক দামে চা বিক্রি এবং মাদকবিরোধী আন্দোলনের জন্য তিনি দেশজুড়ে সমাদৃত।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুই প্রকাশনীর সম্পাদক ও শিশু সাহিত্যিক কাদের বাবু, ফুলবাড়ী উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, অধ্যক্ষ গোলাম মোহাম্মদ ও সাংবাদিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রতীকীভাবে ২৫ জন চা-প্রেমীকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক ও কবি সেলিম আল রাজ।