আতিউর রহমান
ডিসেম্বর ১৯, ২০২৫, ০৯:১৯ পিএম
ছবি-দিনাজপুর টিভি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা শরীফ ওসমান হাদির খুনিদের অবিলম্বে গ্রেপ্তার এবং সকল জুলাই যোদ্ধার নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে দিনাজপুরের বিরলে দিনব্যাপী অবরোধ, পিকেটিং ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সর্বস্তরের ছাত্র-জনতার অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।
সকাল থেকেই বিরল বাজারের বকুলতলা তিন শহীদ চত্বর এবং বিরল রেল গেট এলাকায় অবস্থান নিয়ে রেলপথ ও সড়কপথে পিকেটিংয়ের মাধ্যমে অবরোধ পালন করেন বিক্ষোভকারীরা।
বিকেলে বকুলতলা মোড় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।
মিছিল শেষে বকুলতলা চত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা ইসমাইল হোসেন, আব্দুল রাব্বী, হারুনুর রশিদ, মুজাহিদ হোসেন ও মন্টু প্রমুখ। বক্তারা বলেন, "ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তির নীল নকশায় পরিকল্পিতভাবে ওসমান হাদিকে শহীদ করা হয়েছে। ঘাতকদের ভারত থেকে ফিরিয়ে এনে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, জুলাই আন্দোলনের যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। পতিত ফ্যাসিবাদের অপতৎপরতা রুখতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তাঁরা। এর আগে বাদ জুমআ বিরলের প্রতিটি মসজিদে শহীদ শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।