মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬,

জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ: ছাত্র-জনতার বিক্ষোভ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৯, ২০২৫, ০৯:৫০ পিএম

জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ: ছাত্র-জনতার বিক্ষোভ

ছবি-দিনাজপুর টিভি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদ ও খুনিদের দ্রুত বিচারের দাবিতে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টী (এনসিপি) এবং সাধারণ ছাত্র-জনতা। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টায় পৌর শহরের নিমতলা মোড় থেকে এই কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় নিমতলা মোড়ে এসে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

এনসিপি দিনাজপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. ইমরান চৌধুরী নিশাদের নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা ইব্রাহীম খন্দকার সুরুজ, ইমরান চৌধুরী প্রিন্স, এনসিপি ফুলবাড়ী শাখার যুগ্ম সমন্বয়কারী জাকির আহম্মেদ, জুলকার নাইন শিহাব ও রাহাত মাহমুদ।

এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাগর ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ মিছিলে অংশ নেন।সমাবেশে বক্তারা হাদির হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি জুলাই বিপ্লবীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।প্রধান অতিথির বক্তব্যে ইমরান চৌধুরী নিশাদ বলেন, "জুলাই বিপ্লবীদের নিরাপত্তা দিতে এই সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। অবিলম্বে ওসমান হাদির হত্যাকারীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দিতে হবে।

 তিনি আরও দাবি জানান, জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে ফুলবাড়ীর যেকোনো একটি সড়কের নামকরণ যেন শহীদ শরিফ ওসমান হাদির নামে করা হয়।উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। গত ১৮ ডিসেম্বর রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। হাদি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন।