শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরে শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

মোঃ মোমিনুল ইসলাম

ডিসেম্বর ২০, ২০২৫, ১১:০২ পিএম

দিনাজপুরে শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

ছবি-দিনাজপুর টিভি

জুলাই গণঅভ্যুত্থানের সাহসী যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদি ও শহীদ আবু সাঈদসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দিনাজপুরে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এই জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় ইমামতি করেন গোর-এ-শহীদ জামে মসজিদের খতিব মাওলানা শাখাওয়াত হোসেন। জুলাই বিপ্লবের চেতনাকে সমুন্নত রাখতে এবং শহীদদের ত্যাগের প্রতি সম্মান জানাতে এই প্রতীকী জানাজার আয়োজন করা হয়।

এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক, সাধারণ শিক্ষার্থী, জুলাই বিপ্লবের আহত যোদ্ধা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

জানাজা শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, শহীদ আবু সাঈদ এবং শহীদ শরিফ ওসমান হাদি এ দেশের নতুন স্বাধীনতার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাঁদের রক্তে কেনা এই বাংলাদেশে বৈষম্য ও অন্যায়ের কোনো স্থান হবে না। শহীদদের স্বপ্ন বাস্তবায়নে ছাত্র-জনতা সবসময় রাজপথে সজাগ থাকবে।

জানাজা শেষে শহীদদের রুহের মাগফিরাত এবং আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি প্রার্থনা করেন উপস্থিত সকলে।