মো: মামুনুর রশিদ
ডিসেম্বর ২৯, ২০২৫, ১০:১২ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনে ১৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কোনো পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সোমবার (২৯ ডিসেম্বর) নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে তাঁদের নির্বাচিত ঘোষণা করে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এদিন ছিল মনোনয়নপত্র দাখিল ও বাছাইয়ের নির্ধারিত দিন। প্রতিটি পদের বিপরীতে একটি করে মনোনয়নপত্র জমা পড়ায় নির্বাচন বোর্ড সকল প্রার্থীকে বৈধ ও নির্বাচিত হিসেবে ঘোষণা প্রদান করে।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আশফাক আহম্মেদ, সদস্য অ্যাডভোকেট ইকবাল রায়হান সোহেল ও অ্যাডভোকেট সুবাস চন্দ্র রায় নির্বাচনের এই ফলাফল নিশ্চিত করেন।
নবনির্বাচিত কমিটিতে সভাপতি পদে ভবানী শংকর আগরওয়ালা এবং সাধারণ সম্পাদক পদে শাহেদ রিয়াজ পিম নির্বাচিত হয়েছেন। অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিতরা হলেন— সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি শামীম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মামুনুর রশিদ কচি, সাংগঠনিক সম্পাদক আহম্মদ শাহ এবং কোষাধ্যক্ষ সুবল ঘোষ।
এছাড়াও দপ্তর সম্পাদক জিল্লুর রহমান, যুগ্ম দপ্তর সম্পাদক অজয় কুমার আগরওয়ালা, সড়ক সম্পাদক শাহ মাসুদ কবীর, সহ-সড়ক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, অভ্যন্তরীণ হিসাব নিরীক্ষক এ এফ এম আশিকুর রহমান চৌধুরী এবং সদস্য পদে মো. গোলাম আজমসহ মোট ১৯ জন দায়িত্ব পেয়েছেন। নবনির্বাচিত এই কমিটি আগামী দুই বছর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নেতৃত্ব প্রদান করবে।