মো: মামুনুর রশিদ
ডিসেম্বর ২৯, ২০২৫, ১০:১৫ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর (এনজিও) মধ্যে কার্যকর সমন্বয় এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বালুবাড়ী মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্রের (এমবিএসকে) সভাকক্ষে ‘সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় ও সহযোগিতা জোরদারকরণ’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে এডাব (ADAB) দিনাজপুর জেলা শাখা।
এডাব জেলা শাখার সভাপতি ও কাম টু ওয়ার্ক-এর নির্বাহী পরিচালক মো. মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মুনির হোসেন।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন এডাব জেলা কমিটির সদস্য সচিব ও এসইউপিকে-এর নির্বাহী পরিচালক মো. মোজাফ্ফর হোসেন এবং ধারণাপত্র পাঠ করেন এডাব রংপুর বিভাগীয় সমন্বয়কারী এস এম আনিছুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মো. মুনির হোসেন বলেন, এ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে এনজিওদের অবদান অনস্বীকার্য। তাদের কাজের আনুষ্ঠানিক স্বীকৃতি দিলে কাজের গতিশীলতা বাড়বে এবং তা জাতীয় উন্নয়নকেই ত্বরান্বিত করবে।”বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম ও পিবিআই দিনাজপুরের পুলিশ পরিদর্শক প্রদীপ কুমার রায়।
এছাড়াও উন্মুক্ত আলোচনায় এমবিএসকে-এর নির্বাহী প্রধান সুলতানা রাজিয়া খাতুন, সিটিএস-এর মো. আমিনুল হকসহ বিভিন্ন এনজিও প্রধান ও সমাজসেবকরা অংশ নেন। বক্তারা দুর্যোগ মোকাবিলা, দারিদ্র্য বিমোচন ও কৃষি উন্নয়নে সরকারকে অর্থবহ সহায়তা প্রদানের ক্ষেত্রে এনজিওদের ভূমিকার কথা তুলে ধরেন।