সোমবার, ১২ অক্টোবর, ২০২৬,

বার্ষিক ফলাফল প্রকাশ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

মো: মামুনুর রশিদ

জানুয়ারি ৩, ২০২৬, ০৩:১২ পিএম

বার্ষিক ফলাফল প্রকাশ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সুইহারী চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজে আনন্দমুখর পরিবেশে বার্ষিক ফলাফল প্রকাশ, মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে মেধা পুরস্কার ও নতুন শিক্ষাবর্ষের বই তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি পারমিতা পাল।

অনুষ্ঠানের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাকিল আহম্মেদ বলেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের কারণে আমরা পূর্বনির্ধারিত কর্মসূচি কিছুটা পরিবর্তন করে আজ এই অনুষ্ঠানের আয়োজন করেছি। শিক্ষার্থীদের মেধা বিকাশে এই পুরস্কার ও নতুন বই তাদের নতুন বছরে আরও উৎসাহিত করবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক আলহাজ্ব মো. আফজাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার নির্মল কুমার রায়। সহকারী শিক্ষক মো. ওবায়দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ফলাফল ঘোষণার পর মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ক্রেস্ট ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়।