মো: ফরহাদ হোসেন
জানুয়ারি ৬, ২০২৬, ১০:০০ এএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরে হাড়কাঁপানো শীতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে ৯৪ শতাংশ আর্দ্রতা এবং হিমেল হাওয়ার কারণে শীতের তীব্রতা গত কয়েকদিনের তুলনায় অনেক বেশি অনুভূত হচ্ছে।
দিনাজপুর আবহাওয়া অফিস জানিয়েছে, গত ৪ জানুয়ারি রাত থেকে শুরু হওয়া এই মৃদু শৈত্যপ্রবাহ এখন দিনাজপুর ছাড়িয়ে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলাতেও বিস্তার লাভ করেছে।
কুয়াশা এতটাই ঘন যে, দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে যানবাহন চলাচল করছে। আবহাওয়াবিদদের আশঙ্কা, এই পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
তীব্র ঠান্ডায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন জেলার খেটে খাওয়া মানুষ। রিকশা-ভ্যানচালক ও কৃষি শ্রমিকরা ভোরে কাজে বের হতে পারছেন না। যাত্রী ও কাজ কম থাকায় দৈনন্দিন আয়ের পথ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। শহরের মোড়ে মোড়ে ছিন্নমূল মানুষদের খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে।
টানা কয়েকদিন সূর্যের দেখা না মেলায় স্কুলগামী শিক্ষার্থীদের নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকরা। ঘন কুয়াশার মধ্যে স্কুলে যেতে গিয়ে শিশুরা ঠান্ডা-জ্বর ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। অনেক এলাকায় রাস্তাঘাট জনশূন্য হয়ে পড়ায় এক প্রকার অঘোষিত স্থবিরতা বিরাজ করছে।