মো. আরিফ ইসলাম
জানুয়ারি ৬, ২০২৬, ০৫:১৪ পিএম
ছবি-দিনাজপুর টিভি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দিনাজপুরের বীরগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে বীরগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের ভাবকী গ্রামে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মো. মনজুরুল ইসলামের বাসভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে মনজুরুল ইসলাম বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারে আপসহীন লড়াই করেছেন। তাঁর ত্যাগ বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বর্তমান দুঃসময়ে ঐক্যবদ্ধভাবে মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনাই হবে তাঁর প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা।
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম রিজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোজাহেদুল ইসলাম মাজু।
এছাড়াও পাল্টাপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, নিজপাড়া ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী, কৃষক দলের সভাপতি ফজলে আলম শাহিন এবং ছাত্রদল আহ্বায়ক মোস্তাফিজুর রহমান চৌধুরী আকাশসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।আলোচনা সভা শেষে এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে বেগম খালেদা জিয়ার আত্মার জান্নাতুল ফেরদাউস কামনাসহ দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি চেয়ে বিশেষ দোয়া করা হয়।