সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বিজিবির অভিযানে বিরল সীমান্তে মাদক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৭, ২০২৬, ০৮:৩১ পিএম

বিজিবির অভিযানে বিরল সীমান্তে মাদক উদ্ধার

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বিরল উপজেলায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫০ পিস ভারতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার ৬ জানুয়ারি দিবাগত রাতে উপজেলার এনায়েতপুর সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ এনায়েতপুর বিওপি’র একটি টহল দল এই অভিযানে নেতৃত্ব দেয়।

রাত পৌনে ৯টার দিকে সীমান্ত পিলার ৩২১/১২-এস থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কৈইকুরি শালবাগান এলাকায় তল্লাশি চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাদক ব্যবসায়ীদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন মাদকমুক্ত বাংলাদেশ গঠনে বিজিবি অঙ্গীকারবদ্ধ এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।