মো: মামুনুর রশিদ
জানুয়ারি ৮, ২০২৬, ১১:০৩ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ সুন্দরা বিওপি সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফ-এর ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সীমান্ত পিলার ৩১৯/এমপি সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে সুন্দরা নামক স্থানে এই বৈঠক সম্পন্ন হয়।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর আহ্বানে আয়োজিত এই বৈঠকে ভারতের প্রতিপক্ষ ৯১ ব্যাটালিয়ন বিএসএফ অংশগ্রহণ করে। সভায় উভয় পক্ষ সীমান্ত এলাকায় শান্তি, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
আলোচনায় বিশেষ গুরুত্ব পায় সীমান্ত এলাকায় গুলিবর্ষণ ও প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার পরিহার, সীমান্ত হত্যা বন্ধ, পুশ-ইন কার্যক্রম রোধ এবং দুষ্কৃতিকারীদের অপতৎপরতা প্রতিরোধ।
এছাড়াও মাদকদ্রব্য চোরাচালান, নারী ও শিশু পাচার এবং অবৈধ সীমান্ত পারাপার বন্ধে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেন।বৈঠকে ১৯৭৫ সালের ভারত–বাংলাদেশ যৌথ সীমান্ত চুক্তির নির্দেশনা অনুযায়ী শান্তি ও সম্প্রীতি বজায় রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যাশার মধ্য দিয়ে সভা শেষ হয়।
সৌজন্য সাক্ষাতে বিজিবি’র পক্ষে উপস্থিত ছিলেন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি এবং দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানসহ বিজিবি’র ২৩ জন সদস্য। অন্যদিকে, বিএসএফ-এর পক্ষে ৯১ ব্যাটালিয়ন বিএসএফ-এর কমান্ড্যান্ট শ্রী বিপিন কুমারসহ ১৫ জন সদস্য উপস্থিত ছিলেন।