বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

অগ্নিলা নৃত্য নিকেতনের উদ্যোগে চার দিনব্যাপী কত্থক নৃত্য প্রশিক্ষন সমাপ্ত

মো: মামুনুর রশিদ

জানুয়ারি ১৭, ২০২৬, ০২:৫৮ পিএম

অগ্নিলা নৃত্য নিকেতনের উদ্যোগে চার দিনব্যাপী কত্থক নৃত্য প্রশিক্ষন সমাপ্ত

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘অগ্নিলা নৃত্য নিকেতন’-এর উদ্যোগে চার দিনব্যাপী কত্থক নৃত্য প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) শহরের ঘাসিপাড়াস্থ এফপিএবি মিলনায়তনে এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত বিশিষ্ট কত্থক নৃত্যগুরু, রবীন্দ্র সৃজন কলা বিশ্ববিদ্যালয় ও বাফা’র প্রশিক্ষক সাজু আহমেদ। 

তিনি বলেন, শাস্ত্রীয় নৃত্যের মধ্যে কত্থক অন্যতম একটি ধারা। মন্দির, দরবার ও মঞ্চ—এই তিন যুগ পেরিয়ে কত্থক আজ বিশ্বজুড়ে সমাদৃত। উত্তর ভারতের এই ধ্রুপদী শিল্পটি জটিল পায়ের কাজ ও নিপুণ অভিব্যক্তির মাধ্যমে গল্প বলার এক অনন্য মাধ্যম।”

অগ্নিলা নৃত্য নিকেতনের পরিচালক ও বিশিষ্ট নৃত্যশিল্পী রওনক আরা হক নীপা জানান, ২০০৭ সাল থেকে দিনাজপুরে ক্ষুদে নৃত্যশিল্পীদের প্রতিভা বিকাশে কাজ করছে এই প্রতিষ্ঠান। প্রতি বছরের মতো এবারও নৃত্যগুরু সাজু আহমেদের তত্ত্বাবধানে এই বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে। 

এবারের চার দিনব্যাপী প্রশিক্ষণে মোট ২৫ জন নৃত্যশিল্পী অংশগ্রহণ করেন।প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী শিল্পীদের মাঝে উদ্দীপনা ও শাস্ত্রীয় নৃত্যের প্রতি গভীর অনুরাগ লক্ষ্য করা গেছে।