জানুয়ারি ২৫, ২০২৬, ১০:০৩ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত দিনাজপুর জেলার খানসামা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা বিশ্ববিদ্যালয় খানসামা উপজেলা ছাত্র সংসদ’ (ডুকাস)-এর ২৮ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে বাংলা বিভাগের শিক্ষার্থী মো. রমজান আলী সভাপতি এবং তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান জিসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনেই বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ সেশনের শিক্ষার্থী।শনিবার (২৪ জানুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক সাধারণ সভা শেষে এই কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনের বিদায়ী সভাপতি মো. শাহিন আলম, সাধারণ সম্পাদক মোছা. ফারহানা রুমি এবং উপদেষ্টামণ্ডলী আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেন।
ডুকাস-এর কার্যক্রম ও ইতিহাস: প্রসঙ্গত, ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে ‘ডুকাস’ খানসামা উপজেলার শিক্ষার্থীদের কল্যাণে এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংগঠনটি প্রতি বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য মাসব্যাপী ফ্রি ক্লাস ও পরীক্ষার যাতায়াত খরচ বহন, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের ভর্তিতে আর্থিক সহায়তা, কুইজ প্রতিযোগিতা, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিসহ নানা সামাজিক কর্মসূচি বাস্তবায়ন করে থাকে।
এসব জনকল্যাণমূলক কাজের স্বীকৃতিস্বরূপ সংগঠনটি সেরা স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে একাধিক পুরস্কারও অর্জন করেছে।নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, তারা ডুকাস-এর এই সেবামূলক কার্যক্রমের ধারা অব্যাহত রাখতে এবং খানসামা উপজেলার শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকতে বদ্ধপরিকর।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন