সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বিরলে প্রাইভেট কারের ধাক্কায় শিশুসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২৮, ২০২৬, ০৮:৫৫ পিএম

বিরলে প্রাইভেট কারের ধাক্কায় শিশুসহ নিহত ২

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বিরল স্থলবন্দর সড়কে প্রাইভেট কারের ধাক্কায় নিহত দুই জন এবং আহত চার জনের পরিচয় পাওয়া গেছে। মঙ্গলবার বিরল উপজেলার ভবানীপুর বানিয়াপাড়া নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।নিহতরা হলেন— কুড়িগ্রাম জেলা সদরের পুরাতন থানাপাড়া এলাকার নিজাম উদ্দিনের ছেলে ছামছুদ্দিন ইসলাম (৫৩) এবং দিনাজপুর জেলার বিরল উপজেলার বহলা হাজিপাড়া গ্রামের নজরুল ইসলামের ৭ বছর বয়সী শিশু কন্যা আলিফা। 

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ছামছুদ্দিন ইসলাম তার ছেলে মাহি ইসলামকে (১৯) নিয়ে হাবিপ্রবিতে স্নাতক ভর্তি পরীক্ষা দিতে এসেছিলেন। 

দুর্ঘটনায় মাহি ইসলাম গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।অন্যান্য আহতরা হলেন— নিহত শিশু আলিফার বাবা ও মোটরসাইকেল চালক নজরুল ইসলাম (৩০), শংকরপুর গ্রামের ভ্যানচালক রাকিব (১৮) এবং ভ্যান আরোহী আরেফিন (১৯)। আহতরা সকলেই বর্তমানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিরল থানা পুলিশ জানায়, মঙ্গলবার একটি দ্রুতগামী প্রিমিও প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১৬-৭৮৩৭) নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল ও অটো চার্জার ভ্যানকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। পুলিশ দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার, মোটরসাইকেল ও ভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।