সোমবার, ১২ অক্টোবর, ২০২৬,

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে হাবিপ্রবিতে হলের ভিত্তি প্রস্থর স্থাপন

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৮:৩৮ পিএম

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে হাবিপ্রবিতে হলের ভিত্তি প্রস্থর স্থাপন

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও তাঁর নামে নবনির্মিত আবাসিক হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২-এ এই শোকসভা অনুষ্ঠিত হয়।শোকসভা শেষে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে নতুন মাইলফলক হিসেবে ১২ তলা বিশিষ্ট “বেগম খালেদা জিয়া” ছাত্রী হল এবং “অমর একুশে” ছাত্র হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনাম উল্যা। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী মরহুমা খুরশীদ জাহান হকের জ্যেষ্ঠ পুত্র শাহরিয়ার আক্তার হক ডন। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির। শোকসভায় সভাপতিত্ব করেন রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান।

উপাচার্য প্রফেসর ড. মো. এনাম উল্যা তাঁর বক্তব্যে বেগম খালেদা জিয়ার সাথে তাঁর শেষ সাক্ষাতের স্মৃতিচারণ করে বলেন, "গত বছরের ১৮ নভেম্বর ম্যাডাম খালেদা জিয়ার সাথে আমার শেষ কথা হয়। 

তখন তিনি হাবিপ্রবির বিভিন্ন বিষয়ে স্মৃতিচারণ করেছিলেন এবং তাঁর নামে একটি ছাত্রী হলের নামকরণের অভিপ্রায় ব্যক্ত করা হয়েছিল। এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তাঁর যে অবদান, তার স্বীকৃতি স্বরূপ এই হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো।"শাহরিয়ার আক্তার হক ডন তাঁর বক্তব্যে বলেন, "উচ্চশিক্ষার ক্ষেত্রে হাবিপ্রবি দিনাজপুরবাসীর একটি স্বপ্নের নাম। আর এই স্বপ্নের সারথি ছিলেন আমার খালা বেগম খালেদা জিয়া ও মা খুরশীদ জাহান হক। তৎকালীন সরকারের নিপীড়নের কারণে আমরা ঠিকমতো শোক পালন করতে পারিনি, আজ সেই সুযোগ হলো।

অনুষ্ঠানে প্ল্যান্ট প্যাথলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মহিদুল হাসানের সঞ্চালনায় বেগম খালেদা জিয়ার জীবনীর ওপর একটি বিশেষ ডকুমেন্টারি উপস্থাপন করেন এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের প্রফেসর ড. মো. ফারুক হাসান। এসময় বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, পরিচালক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী-শিক্ষক উপস্থিত ছিলেন। সভা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।