ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৯:০০ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কবিরাজহাট এলাকায় এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টায় স্থানীয় কবিরাজহাট সংলগ্ন মাঠে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জামায়াত নেতা মো. মতিউর রহমান।
মো. মারজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রায় ৩০ হাজার মানুষের সমাগম ঘটে। প্রধান অতিথির বক্তব্যে মতিউর রহমান এলাকার উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি দেন এবং আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে জোটের প্রতীকে ভোট প্রার্থনা করেন। তিনি বলেন যে জনগণের সমর্থন নিয়ে তিনি এই অবহেলিত জনপদের চিত্র বদলে দিতে চান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের পরিচালক মাওঃ মোঃ রবিউল ইসলাম এবং জেলা জামায়াতের অফিস সেক্রেটারি মো. সহিদুল ইসলাম খোকন।
এছাড়া বীরগঞ্জ উপজেলা জামায়াতের আমির ক্বারী মোঃ আজিজুর রহমান ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা নেতা এস এম হাদিউজ্জামানও মঞ্চে উপস্থিত ছিলেন। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জোটের প্রার্থীদের বিজয়ী করার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন যে দেশে ইনসাফ কায়েমের লড়াইয়ে এই নির্বাচন একটি টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে।
জনসভায় আরও উপস্থিত ছিলেন কাহারোল জামায়াতের সেক্রেটারি মো. মনজুরুল ইসলাম, শ্রমিক নেতা মো. হামিদুর রহমান, প্রচার বিভাগের সভাপতি মো. আমিনুল ইসলাম এবং ছাত্রশিবির বীরগঞ্জ শাখার সভাপতি মো. নুর শাহীন।

উল্লেখ্য যে সভায় এনসিপির বীরগঞ্জ উপজেলার যুগ্ম সমন্বয়কারী জেমিয়ন রায়, মো. আবু বক্কর সুমন এবং মো. আল আমিন উপস্থিত থেকে জোটের সংহতি প্রকাশ করেন। সন্ধ্যার পর থেকে শুরু হওয়া এই সভায় কবিরাজহাট ও এর পার্শ্ববর্তী এলাকার সাধারণ ভোটারদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সমাবেশকে ঘিরে পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছিল স্থানীয় প্রশাসন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন