রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

বীরগঞ্জে শিমুলের রঙে রাঙা প্রকৃতি: মুগ্ধ দর্শনার্থী

মোঃ আরিফ ইসলাম

ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০২:৫০ পিএম

বীরগঞ্জে শিমুলের রঙে রাঙা প্রকৃতি: মুগ্ধ দর্শনার্থী

রক্তিম শিমুলে বীরগঞ্জ

বসন্তের আগমনে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা সেজেছে এক অপূর্ব সাজে। উপজেলার প্রতিটি প্রান্ত এখন শিমুলের লাল রঙে রাঙা। গ্রাম থেকে শহর, হাট-বাজার কিংবা গ্রামীণ মেঠো পথ— সবখানেই এখন চোখ ধাঁধানো লাল টকটকে শিমুল ফুলের সমারোহ। দূর থেকে তাকালে মনে হয়, দিগন্ত জুড়ে যেন আগুনের শিখা জ্বলছে। প্রকৃতির এই বর্ণিল সাজে মুগ্ধ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে প্রকৃতিপ্রেমীরা। 

বসন্তের শুরুতেই এমন রক্তিম আবহে ঢেকে গেছে পুরো এলাকা।বিশেষ করে উপজেলার পাল্টাপুর, স্লুইসগেট, গোলাপগঞ্জ, শতগ্রাম ও ভোগনগর এলাকার বিভিন্ন গ্রামীণ সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকা এবং খোলা মাঠের ধারে থাকা শিমুল গাছগুলো এখন ফুলে ফুলে সজ্জিত। 

কোনো পাতা নেই, শুধু ডালে ডালে ফুটে থাকা লাল শিমুল এক অনন্য দৃশ্যের অবতারণা করেছে। হালকা বাতাসে যখন ফুলগুলো ঝরে মাটিতে পড়ে, তখন মনে হয় যেন মাটির ওপর লাল রঙের কার্পেট বিছিয়ে দেওয়া হয়েছে। 

ভোরের নরম রোদে শিমুলের এই লাল আভা চারপাশকে আরও উজ্জ্বল ও প্রাণবন্ত করে তুলছে।স্থানীয় বাসিন্দা মোঃ আব্দুর রাজ্জাক জানান, প্রতিবছর বসন্তকালে শিমুল ফুল ফুটলেও এবারের চিত্রটি কিছুটা ভিন্ন। এ বছর শিমুল গাছে ফুলের পরিমাণ তুলনামূলক অনেক বেশি, যা প্রকৃতির সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এই লাল রঙ মানুষের মনে এক আলাদা আনন্দের সঞ্চার করছে। বসন্তের এই রূপ দেখতে গ্রামের মেঠো পথগুলোতে মানুষের উপস্থিতি আগের চেয়ে বেড়েছে।

প্রকৃতিপ্রেমী বীরগঞ্জ সরকারি কলেজের প্রভাষক মোঃ নজরুল ইসলাম খান এ প্রসঙ্গে বলেন, শিমুল ফুল কেবল বসন্তের সৌন্দর্যের বার্তাই বহন করে না, বরং এটি নতুন ঋতুর আগমনী সুর নিয়ে আসে। লাল শিমুলের এই রূপ নতুন আশার প্রতীক হিসেবে মানুষের মনে ধরা দেয়। নাগরিক জীবনের কর্মব্যস্ততার মাঝে প্রকৃতির এই মায়াবী রূপ সাধারণ মানুষকে স্বস্তি ও মানসিক প্রশান্তি দিচ্ছে। সব মিলিয়ে বসন্তের এই স্নিগ্ধ রূপ বীরগঞ্জ উপজেলাকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে। প্রকৃতির এই অপরূপ শোভা স্থানীয় মানুষের দৈনন্দিন জীবনের এক রঙিন অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে।