সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬,

বিরামপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত

ফাহিম হোসেন রিজু

ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৪:০৫ পিএম

বিরামপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত

বিরামপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন দুই বন্ধু।ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বিরামপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বিরামপুর পৌর শহরের কলেজ বাজার টিএন্ডটি অফিস সংলগ্ন দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের শালিকাদহ গ্রামের তহিদুল ইসলামের ছেলে মো. রাব্বি (৩৪) এবং একই গ্রামের মিজানুর রহমানের ছেলে মো. সজিব হাসান (৩৫)। তারা একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে রাব্বি ও সজিব মোটরসাইকেলে করে ঘোড়াঘাটের দিকে যাচ্ছিলেন। বিরামপুর টিএন্ডটি অফিসের সামনে পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। 

এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রাস্তাঘাট ফাঁকা থাকার সুযোগে দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ঘাতক ট্রাকটিকে শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। এদিকে নিহত দুই বন্ধুর অকাল মৃত্যুতে তাদের গ্রামে ও পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।