রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুর বড় মাঠ থেকে তারকাঁটা সরানোর দাবিতে মানববন্ধন

মো: মামুনুর রশিদ

মার্চ ৫, ২০২৬, ০১:২৬ পিএম

দিনাজপুর বড় মাঠ থেকে তারকাঁটা সরানোর দাবিতে মানববন্ধন

বড় মাঠ রক্ষায় জেলাবাসীর মানববন্ধন। ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের ঐতিহ্যবাহী গোর-এ শহীদ বড় মাঠ থেকে সেনাবাহিনীর ক্যাম্প ও তারকাঁটার বেড়া অপসারণের দাবিতে আন্দোলনে নেমেছে জেলাবাসী। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে আয়োজিত এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। শহরের সর্বস্তরের মানুষ এই কর্মসূচিতে অংশ নিয়ে মাঠটি রক্ষার দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, গোর-এ শহীদ বড় ময়দানে এশিয়ার অন্যতম বৃহৎ ঈদগাহ মিনার অবস্থিত। এই মাঠটি কেবল ধর্মীয় উৎসবের জন্য নয়, বরং দিনাজপুরের ক্রীড়া ও সংস্কৃতির প্রাণকেন্দ্র। লিটন দাস, ধীমান ঘোষ, জনি ও হেমন্তের মতো জাতীয় দলের অসংখ্য খেলোয়াড় এই মাঠ থেকেই তৈরি হয়েছেন। 

বর্তমানেও এখানে পাঁচটি ক্রিকেট একাডেমির কয়েকশ খেলোয়াড় নিয়মিত অনুশীলন করেন। কিন্তু সম্প্রতি মাঠের বিভিন্ন অংশে তারকাঁটার বেড়া দিয়ে ঘেরাও করায় সাধারণের অবাধ চলাচল ও নিয়মিত খেলাধুলা ব্যাহত হচ্ছে।

বক্তারা আরও বলেন, অবিলম্বে বড় ময়দান থেকে তারকাঁটার বেড়া অপসারণ করে জেলাবাসীর জন্য অবাধ যাতায়াত ও খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে হবে। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন। আসন্ন পবিত্র ঈদুল ফিতরের নামাজ এই মাঠেই আদায় করা হয়, তাই ধর্মপ্রাণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন লাবু, দিনাজপুর চেম্বারের প্রতিনিধি আকতারুজ্জামান জুয়েল, বিশিষ্ট ব্যক্তিত্ব রেজাউর রহমান রেজু, সুলতান কামাল উদ্দিন বাচ্চু এবং অ্যাডভোকেট মেহেরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য রেহাতুল ইসলাম খোকাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।