মার্চ ২৯, ২০২৬, ১২:০০ পিএম
দিনাজপুরের চিরিরবন্দরে জ্বালানি তেলের অপব্যবহার রোধ এবং তেলের বাজারে শৃঙ্খলা ফেরাতে গভীর রাতে কঠোর অবস্থানে নেমেছে উপজেলা প্রশাসন। রবিবার (২৯ মার্চ) রাত ১২টার পর থেকে চিরিরবন্দর শহরের দুটি ফিলিং স্টেশনে বিশেষ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মোটরযানের বৈধ কাগজপত্র ও হেলমেট না থাকায় ২৩টি যানবাহনকে মোট ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দিনাজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলামের উপস্থিতিতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেহা তুজ জোহরা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ।
চিরিরবন্দর শহরের ‘চিরিরবন্দর ফিলিং স্টেশন’ এবং গার্মেন্টস বাজার সংলগ্ন ‘আউলিয়া পুকুর ফিলিং স্টেশনে’ একযোগে এই অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে দেখা যায়, অনেক মোটরসাইকেল ও গাড়ি চালক প্রয়োজনীয় লাইসেন্স, নিবন্ধনের কাগজপত্র এবং হেলমেট ছাড়াই জ্বালানি তেল নিতে লাইনে দাঁড়িয়েছেন। সরকারি নির্দেশনা অনুযায়ী, বৈধ নথিপত্র ছাড়া ফিলিং স্টেশন থেকে তেল সরবরাহ করা দণ্ডনীয় অপরাধ। এই নিয়ম লঙ্ঘনের দায়ে এবং সঠিক কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ২৩ জন চালককে তাৎক্ষণিকভাবে ৪৩ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের জানান, জ্বালানি তেলের সঠিক ও সুষম বণ্টন নিশ্চিত করতে এবং পাম্পগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের এই নিয়মিত তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে। যারা আইন অমান্য করবেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের অবৈধ মজুতদার ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে দেশব্যাপী জেলা প্রশাসনের নজরদারি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বৃদ্ধি পেয়েছে। প্রশাসনের এই তদারকি সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন