শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

এমবিএসকে’র সংবর্ধনায় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২৯, ২০২৬, ০৭:০৯ পিএম

এমবিএসকে’র সংবর্ধনায় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম

এমপি জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা। ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর সদর-৩ আসনের নব-নির্বাচিত জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেছেন, "দিনাজপুরের মাটি ও মানুষের সার্বিক উন্নয়নে আমি সর্বদা অঙ্গীকারবদ্ধ। বিশেষ করে মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র (এমবিএসকে) যেভাবে তৃণমূল পর্যায়ে নারী শিক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়। 

দিনাজপুরের অসহায় ও পিছিয়ে পড়া নারীদের ভাগ্য উন্নয়নে সরকারি (জিও) ও বেসরকারি (এনজিও) সংস্থাগুলোর যথেষ্ট ভূমিকা রয়েছে। আমি সকল জনকল্যাণমূলক কাজে সর্বদা আপনাদের পাশে থাকব।"

রবিবার (২৯ মার্চ) দুপুরে দিনাজপুরের বালুবাড়ীস্থ এমবিএসকে’র প্রধান কার্যালয়ের হলরুমে আয়োজিত এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র (এমবিএসকে) এই জননন্দিত নেতাকে সংবর্ধনা প্রদান করতে অনুষ্ঠানটির আয়োজন করে।

এমবিএসকে’র নির্বাহী প্রধান মোসাঃ সুলতানা রাজিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপ-নির্বাহী প্রধান সৈয়দ মুস্তাহিদ হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ঋণ সমন্বয়কারী মোঃ আশরাফুল আলম, সিনিয়র হিসাব রক্ষক মোঃ আমিনুজ্জামান এবং এইচআর ম্যানেজার মোর্শেদা পারভীন মলি। উপ-নির্বাহী প্রধান সৈয়দ মুস্তাহিদ হোসেন তাঁর বক্তব্যে বলেন, একজন দক্ষ ও দূরদর্শী নেতাকে জনপ্রতিনিধি হিসেবে পেয়ে দিনাজপুরের মানুষ আনন্দিত। সভাপতির বক্তব্যে সুলতানা রাজিয়া খাতুন আশা প্রকাশ করেন যে, সৈয়দ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে দিনাজপুরে নারীদের অধিকার ও ভাগ্য উন্নয়নে আরও জোরালো ভূমিকা পালন করা সম্ভব হবে।

অনুষ্ঠানের শুরুতে এমবিএসকে’র পক্ষ থেকে নব-নির্বাচিত সংসদ সদস্যকে ফুলের তোড়া ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সহকারী এমআইএস অফিসার মোঃ নূর নবীর সঞ্চালনায় অনুষ্ঠানে এমবিএসকে’র বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, মাঠকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমবিএসকে’র নারী উন্নয়ন প্রকল্পের প্রশংসা করেন এবং ভবিষ্যতে নারী স্বাবলম্বীকরণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।