মার্চ ২৯, ২০২৬, ১১:২৫ পিএম
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাহিন ইসলাম রাব্বী (১১) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। রোববার বিকেলে উপজেলার গোলাপগঞ্জ এলাকা থেকে সে নিখোঁজ হয়। শিশুটির সন্ধান না পেয়ে বর্তমানে তার পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
পারিবারিক সূত্রে জানা যায়, বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ এলাকার বাসিন্দা মাহিন ইসলাম রাব্বী স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে। প্রতিদিনের মতো আজ সকালেও সে গোলাপগঞ্জ মাদ্রাসায় ক্লাস করতে যায়।
ক্লাস শেষে দুপুরে যথাসময়ে সে বাসায় ফিরে আসে। এরপর বিকেলে পুনরায় মাদ্রাসায় যাওয়ার কথা বলে সে বাসা থেকে বের হয়। কিন্তু সন্ধ্যা ঘনিয়ে মাগরিবের নামাজ শেষ হলেও সে আর বাসায় ফিরে আসেনি। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর পরিবারের সদস্যরা তাকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেন। কিন্তু এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ হওয়ার সময় শিশুটির পরনে ছিল হালকা রঙের জুব্বা এবং মাথায় টুপি। স্বজনরা জানিয়েছেন, মাহিন ইসলাম রাব্বী শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ এবং সে স্বাভাবিকভাবে কথা বলতে পারে। তার আকস্মিক এই অন্তর্ধানের ঘটনায় পরিবারের সদস্যরা মানসিকভাবে ভেঙে পড়েছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কোনো সহৃদয় ব্যক্তি ওই শিশুর সন্ধান পেয়ে থাকেন তবে তাকে মানবিক খাতিরে ০১৬২৭-৪৮১৮৬৫ নম্বরে যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হয়েছে। শিশুটিকে খুঁজে পেতে তারা সকলের সহযোগিতা কামনা করেছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন