বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

বীরগঞ্জে দুই মাদকসেবীর কারাদণ্ড

মোঃ আরিফ ইসলাম

মার্চ ৩০, ২০২৬, ০৫:০২ পিএম

বীরগঞ্জে দুই মাদকসেবীর কারাদণ্ড

মাদকসেবীদের কারাদণ্ড ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বীরগঞ্জে নেশাগ্রস্ত অবস্থায় দুই মাদকসেবীকে হাতেনাতে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গত রবিবার সন্ধ্যায় উপজেলার শিবরামপুর ইউনিয়নের আজারি মিলনপুর গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের এই শাস্তি প্রদান করা হয়। অভিযানে আটককৃতদের কাছ থেকে মাদকদ্রব্য ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজারি মিলনপুর গ্রামের মো. সবুজ মিয়ার বসতবাড়িতে মাদক সেবনের খবর পেয়ে স্থানীয় জনগণ তাদের আটক করে। পরে খবর পেয়ে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। 

আটককৃতরা হলেন— ওই এলাকার আব্দুর রহমানের ছেলে মো. সবুজ মিয়া (২৭) এবং একই এলাকার গোলাম মোস্তফার ছেলে মো. মাসুদ রানা (২৬)। আটকের সময় তাদের কাছ থেকে আট পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক সেবনের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

ঘটনার সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মাদক সেবন ও সংশ্লিষ্ট অপরাধের দায়ে সবুজ মিয়াকে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া অপর সহযোগী মাসুদ রানাকে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। রায় প্রদানের পরপরই আসামিদের কারাগারে পাঠানোর প্রক্রিয়া শুরু করে পুলিশ।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গণমাধ্যমকে জানান, মাদকের মতো সামাজিক অভিশাপ থেকে সমাজকে রক্ষা করতে প্রশাসনের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। বীরগঞ্জ উপজেলাকে পুরোপুরি মাদকমুক্ত করতে এ ধরনের ঝটিকা অভিযান ও কঠোর আইনি তদারকি নিয়মিতভাবে অব্যাহত থাকবে। মাদকের কারবার ও সেবনের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।