রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

এতিম মেহেদীর আকুতি আইসক্রিম ছেড়ে ফিরতে চাই স্কুলে

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১, ২০২৬, ১১:৩৮ পিএম

এতিম মেহেদীর আকুতি আইসক্রিম ছেড়ে ফিরতে চাই স্কুলে

আইসক্রিম ভ্যান নিয়ে জীবনযুদ্ধে মেহেদী ছবি-দিনাজপুর টিভি

দারিদ্র্যের চরম কষাঘাতে থমকে গেছে চঞ্চল এক কিশোরের পড়ালেখা। তবে জীবনযুদ্ধের কঠিন বাস্তবতার মধ্যেও সে স্বপ্ন দেখে আবারও চিরচেনা স্কুলে ফেরার। দিনাজপুরের বিরামপুর পৌরশহরের ২ নম্বর ওয়ার্ডের কল্যাণপুর গ্রামের ১৪ বছর বয়সী কিশোর মেহেদী হাসানের গল্পটি এমনই। যে বয়সে বই-খাতা আর খেলাধুলায় মেতে থাকার কথা ছিল, সেই বয়সেই তাকে জীবিকার তাগিদে প্রতিদিন রোদ-বৃষ্টি উপেক্ষা করে আইসক্রিমের ভ্যান নিয়ে ছুটতে হচ্ছে গ্রামের পথে পথে।

মেহেদীর জীবনকাহিনি বেশ বেদনাদায়ক। জন্মের পরপরই সে তার বাবা লোকমান হোসেনকে হারায়। পরবর্তীতে মা অন্যত্র নতুন সংসার শুরু করলে নানী জাহানারা খাতুনের কাছেই বেড়ে ওঠে সে। 

চরম অভাব-অনটনের মধ্যেও বিরামপুর পৌরসভা দাখিল মাদ্রাসা থেকে প্রাথমিক বা ইবতেদায়ী শিক্ষা সফলভাবে শেষ করেছিল মেহেদী। তবে ষষ্ঠ শ্রেণীতে ওঠার পর অভাবের তাড়নায় আর পড়ালেখা চালিয়ে নেওয়া সম্ভব হয়নি। তবুও তার চোখে এখনও জ্বলজ্বল করছে পড়ার টেবিলে ফিরে যাওয়ার অদম্য ইচ্ছা।

বুধবার বিরামপুর পৌরশহরের দোয়েল স্টুডিও মোড় সংলগ্ন এলাকায় এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় মেহেদীর। ক্লান্ত শরীরে আইসক্রিমের ভ্যান নিয়ে দাঁড়িয়ে থাকা এই কিশোর জানায়, প্রতিদিন ভোরে সে ভ্যান নিয়ে বেরিয়ে পড়ে এবং উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে আইসক্রিম বিক্রি করে। সারাদিন শেষে যখন রাত নামে, তখন সে ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফেরে। আইসক্রিম বিক্রির এই পেশায় আসার আগে সে কিছুকাল রাজমিস্ত্রির সহকারী হিসেবেও কাজ করেছে। কিন্তু বয়সের তুলনায় সেই কাজ অত্যন্ত পরিশ্রমের হওয়ায় শেষ পর্যন্ত সে আইসক্রিম বিক্রির পথ বেছে নেয়।

মেহেদী জানায়, প্রতিদিন সকালে সে তার নানীর সঙ্গে বাড়ির কাজে সহযোগিতা করে। এরপর শালবাগান রোডের একটি কারখানা থেকে আইসক্রিম সংগ্রহ করে পায়ে প্যাডেল চালিয়ে বিভিন্ন স্কুল ও জনাকীর্ণ এলাকায় যায়। বিশেষ করে স্কুলের সামনে যখন তার সমবয়সী শিশুদের দলবেঁধে ক্লাসে যেতে দেখে, তখন তার মন কেঁদে ওঠে। লাজুক হেসে সে জানায়, যদি সুযোগ পায় তবে সে আবারও পড়াশোনা করতে চায় এবং নিজের জীবনকে গড়তে চায়।

দিন শেষে মেহেদীর যা আয় হয়, তার পুরোটাই সে তুলে দেয় বয়োবৃদ্ধ নানী জাহানারা খাতুনের হাতে। সেই সামান্য আয়েই নানী-নাতির অতি সাধারণ সংসার চলে। জাহানারা খাতুন অত্যন্ত আক্ষেপের সঙ্গে বলেন, অনেক কষ্ট করে তিনি নাতিকে পড়ানোর চেষ্টা করেছিলেন। কিন্তু এখন আর্থিক সমস্যার কারণে তিনি আর পেরে উঠছেন না। মেহেদীর পড়ার অদম্য ইচ্ছা থাকলেও অর্থের অভাবে তিনি তাকে স্কুলে পাঠাতে পারছেন না বলে জানান।

এ বিষয়ে মেহেদীর পূর্বতন শিক্ষা প্রতিষ্ঠান বিরামপুর পৌরসভা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা গোলাম মাওলার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ইতিবাচক সাড়া দেন। তিনি জানান, মেহেদী যদি আবারও পড়াশোনা শুরু করতে চায়, তবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে বেতন মওকুফসহ সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। এখন শুধু অপেক্ষা সমাজের বিত্তবান ও শিক্ষা অনুরাগী মানুষের সহযোগিতার। একটু সহমর্মিতা আর সুযোগ পেলেই আইসক্রিমের ভ্যান ছেড়ে আবারও কলম-খাতা হাতে নিতে পারবে এই এতিম কিশোর মেহেদী।