সোমবার, ১২ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরের চেহেলগাজী স্কুলের ৮ শিক্ষার্থী পেল সম্মাননা

মো: মামুনুর রশিদ

এপ্রিল ২, ২০২৬, ০৩:০০ পিএম

দিনাজপুরের চেহেলগাজী স্কুলের ৮ শিক্ষার্থী পেল সম্মাননা

মেধাবীদের সংবর্ধনা অনুষ্ঠান ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সুইহারীস্থ চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন নামী বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া ২৩তম ব্যাচের মেধাবীদের এই সম্মাননা জানানো হয়। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) কলেজ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে রজনীগন্ধা ফুল ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে ৮ জন কৃতি শিক্ষার্থীকে বরণ করে নেয় কর্তৃপক্ষ।সংবর্ধনাপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন রুয়েটে চান্স পাওয়া মো. নাসিম ও মো. রিফাত হোসেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিএসটিইউ) মো. মহিউজ্জামান তাসিন এবং এমআইএসটিতে মো. সামিউল বাসির। 

এছাড়া নিজ জেলার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (এইচএসটিইউ) মো. আমিনুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মো. খাদিমুল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাজিফাতুল সুবহা আরনি এবং রংপুর মেডিকেল কলেজে সাইয়্যেদা আক্তার সাবা ভর্তির সুযোগ পেয়েছেন।

চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শ্রেণি শিক্ষক মো. আতিকুর রহমান। সহকারী শিক্ষক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো. ওবায়দুর রহমানের সাবলীল সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক মো. আফজাল হোসেন। 

অধ্যক্ষ শাকিল আহমেদ তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। মেধাবী এই শিক্ষার্থীরা আগামীতে দেশ ও জাতির কর্ণধার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের পক্ষ থেকে নিজেদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন মো. মহিউজ্জামান তাসিন, মো. খাদেমুল ইসলাম ও মো. সামিউল বাসির। 

তারা তাদের এই সাফল্যের পেছনে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের অক্লান্ত পরিশ্রমের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত থেকে কৃতিদের অভিনন্দন জানান। সুইহারীর এই প্রাচীন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের এমন সাফল্যে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে।